ডেঙ্গুর বিস্তার রোধ ও এডিস মশার বংশবিস্তার বন্ধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পৌর এলাকার পিটিআই এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, এডিস মশার লার্ভা ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পৌরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে, যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুজার গিফারী। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হাফেজ গোলাম রাব্বানী।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না, এডিস মশার প্রজননস্থলও ধ্বংস করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রামসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও তাঁরা উল্লেখ করেন।
কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।