সিরাজগঞ্জের রায়গঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মো. নাছার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চান্দাইকোনা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছার আলী রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি চান্দাইকোনা বাজারে একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চান্দাইকোনা আন্ডারপাস দিয়ে মহাসড়ক পার হয়ে পূর্ব পাশে যাওয়ার চেষ্টা করছিলেন নাছার আলী। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যুর খবর তিনি শুনেছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।