কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কোনাপাড়া গ্রামের হামিদ হোসেনের ছেলে কলি মোল্লা (২৮) এবং এফডিএমএন ক্যাম্প-১৬-এর এ ব্লকের বাসিন্দা নুর হাশেমের ছেলে জুবায়ের (২৬)।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শনিবার ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর ব্যাগ হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে।
বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টনে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একজন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।