শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ২০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশের আরও ১০টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ২ প্লাটুন সদস্য। বাকি ২ প্লাটুন সদস্য সদর দপ্তরে রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবেন, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পাঠানো যায়।
নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোতে ইতোমধ্যে পরিদর্শন ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করা এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, পূজামণ্ডপ এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
৫৩ বিজিবি জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তাপ্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।