পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
গত সোমবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জ পুলিশ লাইনসের শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসের কার্যক্রম পর্যালোচনা করে তাঁর হাতে এ স্বীকৃতি তুলে দেওয়া হয়।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় গত মাসে পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও উল্লেখযোগ্য অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব বজায় রাখা এবং করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, পিপিএম; সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান ও মো. সোলায়মান; মো. আকবর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা।
উল্লেখ্য, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনিসুর রহমান। আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে তাঁর অবদানের মূল্যায়ন করে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়।