গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি। বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানার একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। দুপুর সোয়া ১টা পর্যন্ত আগুন জ্বলতে থাকায় তা নেভাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। পাশাপাশি স্পেশাল রেসকিউ টিমও উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানার ইউনিট-২-এ আগুন লাগে। পরে দ্রুত তা কারখানার অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার সঙ্গে বাড়তে থাকে ধোঁয়ার পরিমাণ। এতে কারখানায় সংরক্ষিত ওষুধ, উৎপাদনসংশ্লিষ্ট যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ভবনের কোন তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও গাজীপুরের ফায়ার সার্ভিস ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, কারখানার ভবনটি ইস্পাত ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। পাশাপাশি ভবনে কাচের ব্যবহার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টা অব্যাহত রয়েছে।