শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা-২০২৬। দেশব্যাপী একযোগে আয়োজিত এ পরীক্ষায় বরিশালেও নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল সদর কেন্দ্রের বরিশাল জেলা স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশের ৬৪ জেলায় একযোগে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। বরিশাল জেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ও জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার। এ সময় তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোই এ বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন বলেন, অত্যন্ত মনোরম ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে শিশুরা পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরিশালে বৃত্তি পরীক্ষার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।