কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী সশস্ত্র চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্যের নাম সৈনিক মোঃ তিতাস শেখ (২৭)। এ অভিযানে জিম্মি থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রঙ্গীখালী পাহাড়ি এলাকায় প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল—এমন গোয়েন্দা তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে মানবপাচারকারীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে সেনাসদস্য তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে যৌথ বাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। জিম্মিদশা থেকে মুক্ত করা হয়েছে ৫৭ জনকে।
দুর্গম পাহাড়ি এলাকায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।