মুন্সিগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুর খবর পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাইয়ের প্রথম জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজনের প্রস্তুতি চলছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে তার মরদেহ মুন্সিগঞ্জে নেওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের প্যানেল স্পিকার ছিলেন। এ ছাড়া মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন তিনি। এর পরের বছর, ১৯৭৯ সালে, প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। এরপর দীর্ঘ সময় ধরে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দলীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে অবদান রাখেন এই বীর মুক্তিযোদ্ধা।
তার মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। তার প্রয়াণে জেলার রাজনীতিতে এক অভিজ্ঞ ও প্রবীণ নেতার শূন্যতা তৈরি হলো।