চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মোঃ সহুবুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার কলকলিয়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনের বড় একটি চালান সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন সহুবুল ইসলাম। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সহুবুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এসআরবি আরও জানায়, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে উদ্ধার করা মাদকসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।