নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির বার্ষিক সম্মেলন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই ভূমিহীন সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নিজেদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ের স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে তাঁরা সম্মেলনস্থলে যোগ দেন।
ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হাসেম, সহ-সম্পাদক রিনা বেগম ও জাকিয়া বেগম, নিজেরা করি সংস্থার সমন্বয়কারী আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় সংগঠক সাইফুরনাহার রত্না, বিশিষ্ট সাংবাদিক দীপক কুমার কর, সমাজসেবক সাইফুল ইসলাম ও রেজাউল করিম দুলাল।
বক্তারা বলেন, ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সমাজে সচেতনতা তৈরিতে সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে সম্মেলনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণনাটক পরিবেশিত হয়। এতে স্থানীয় ভূমিহীন সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।