নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান নির্ধারণ ও ইউনিয়ন অন্তর্ভুক্তি নিয়ে চলমান আইনি বিরোধের নিষ্পত্তি না হওয়ায় স্থিতাবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন হাইকোর্ট।
উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপন এবং সুয়াবিল ইউনিয়নকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন আদালত। সর্বশেষ শুনানি শেষে পূর্বের আদেশের কার্যকারিতা আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে আদালতে উত্থাপিত দাবিগুলো যৌক্তিক ও ন্যায়সংগত। বিষয়টির চূড়ান্ত আইনি নিষ্পত্তিতে সময় প্রয়োজন হওয়ায় আবেদনের বিষয়বস্তু বিবেচনা করে সুয়াবিল ইউনিয়নের অন্তর্ভুক্তি এবং পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের বিষয়ে আগে দেওয়া স্থিতাবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন আদালত। তিনি আশা প্রকাশ করেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হবে।
হাইকোর্টের এ আদেশকে কেন্দ্র করে সদর দপ্তরের স্থান নির্ধারণ ও ইউনিয়ন অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরোধিতাকারী স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তাঁদের মতে, নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে জনস্বার্থ, ভৌগোলিক অবস্থান ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে সদর দপ্তর নির্ধারণ এবং ইউনিয়ন অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া জরুরি।
এদিকে দীর্ঘদিনের এ বিরোধের চূড়ান্ত বিচারিক নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন ফটিকছড়ি উত্তর উপজেলার বাসিন্দারা। আন্দোলনের পাশাপাশি এখন উচ্চ আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন তাঁরা।