সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। চলতি বছরের প্রথম ১০ মাসে এই রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছেন বিজিবি সদস্যরা। এসব ঘটনায় আটক করা হয়েছে ৬১৫ জনকে।
বিজিবি সূত্রে জানা গেছে, দেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে রংপুর রিজিয়নের আওতায় রয়েছে ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার সীমান্ত। এ অঞ্চলের চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের পরিমাণ ১ দশমিক ৬৫৩ কেজি। এ ছাড়া ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ বা আইস। পাশাপাশি বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন এবং বিভিন্ন ধরনের ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি যৌথ দল শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করা হয়।
এ ছাড়া গত এক বছরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।