কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্রে অবৈধভাবে ট্রলিং করে মাছ শিকারের অভিযোগে ২০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, পাঁচটি ট্রলিং জাল, একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত একটি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বিশেষ করে হাঙর ও শাপলাপাতা মাছের মতো বিপন্নপ্রায় প্রজাতির অস্তিত্ব রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
পরবর্তী সময়ে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ করা বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।