সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩ নং সগুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন সোহেল রানা (তানহা)।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর নিজের নির্বাচনী ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সোহেল রানা (তানহা) বলেন, সগুনা ইউনিয়নবাসীর প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়া তাঁর দীর্ঘদিনের প্রত্যাশা। দলীয় মনোনয়ন লাভের পাশাপাশি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেন, নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গঠন, সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং ইউনিয়নের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় একজন সেবক হিসেবে কাজ করাই হবে তাঁর অঙ্গীকার।
সোহেল রানা (তানহা) আরও বলেন, দলীয় মনোনয়ন ও ইউনিয়নবাসীর সমর্থন পেলে সগুনার উন্নয়নকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৩ নং সগুনা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।