চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারের ব্যস্ততম মোড়ে স্পিড ব্রেকার (গতিরোধক) স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিদিন দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে ওই মোড় দিয়ে যাতায়াতকারী স্কুলশিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজারের মোড়টি চারটি সড়কের সংযোগস্থল। পূর্ব-পশ্চিমমুখী সড়কটি সোজা হওয়ায় কর্ণফুলী চা বাগানগামী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন প্রায়ই দ্রুতগতিতে চলাচল করে। অন্যদিকে দক্ষিণ দিক থেকে শাহনগর, নানুপুর ও গহিরাগামী ভারী ও যাত্রীবাহী যানবাহনও নিয়মিত এ সড়ক ব্যবহার করে। ফলে মোড়টি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো, মোড়টির উত্তর পাশ দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। এই মোড় পার হয়ে তাদের তিনটি ভিন্ন সড়কে চলাচল করতে হয়। বিশেষ করে বিদ্যালয়ের টিফিনের সময় এবং ছুটির পর শিক্ষার্থীদের রাস্তা পারাপারে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
স্থানীয়দের মতে, ব্যস্ত এই মোড়ে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্পিড ব্রেকার স্থাপন করা প্রয়োজন।
এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদসহ সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
তাঁদের প্রত্যাশা, শিশু শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কারণ একটি দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই সতর্কতামূলক উদ্যোগ গ্রহণ করা অনেক বেশি জরুরি।