আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম সংগ্রহ করেছেন আব্দুল কুদ্দুস মন্ডল।
গত শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা ও পৌর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মনোনীত হলে সোনাখাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।