সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার। এ লক্ষ্যে তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরম সংগ্রহের বিষয়ে রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার জানান, সোনাখাড়া ইউনিয়নের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবা মরহুম আতাউর রহমান তালুকদার এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার আদর্শ ও অসমাপ্ত উন্নয়ন পরিকল্পনাকে সামনে রেখে তিনি ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চান।
তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে সোনাখাড়া ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করার চেষ্টা করবেন। বিশেষ করে জনসাধারণের প্রত্যাশা পূরণ, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।