কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে কোস্ট গার্ডের অভিযানে দুটি দেশীয় একনলা বন্দুকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২১ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে কোস্ট গার্ড জানতে পারে, কুতুবজোম সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজারের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেন অভিযান সংশ্লিষ্ট সদস্যরা।
কোস্ট গার্ড আরও জানায়, আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং ডাকাতি ও জলদস্যুতা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।