সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজে নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
শনিবার (২১ নভেম্বর) সকালে রাজাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।
কলেজের অধ্যক্ষ মো. শাহিন বাদশাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বনি আমিন এবং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নূরুল ইসলাম গোলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. জব্বার আলী আকন্দ, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আলাউদ্দিন খান আলো, উপজেলা জাসাসের সভাপতি মো. আবু হোসেন, সহসভাপতি মো. গোলাম কিবরিয়া, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, রাজাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল আলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছরে রাজাপুরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা আগামী পাঁচ বছরে তা করে দেখাব। বিগত সময়ে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি; বরং ছাত্রসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবায়ন হবে না। জনগণই এসব অপচেষ্টার বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাদক একটি নীরব ঘাতক। কৌতূহল কিংবা অসৎ সঙ্গের কারণে কেউ মাদকের সংস্পর্শে এলে ধীরে ধীরে তার জীবন, শিক্ষা ও ভবিষ্যৎ ধ্বংসের পথে এগিয়ে যায়। মাদক শুধু ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতিই করে না, পুরো পরিবারকেও বিপর্যয়ের মুখে ফেলে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং সুস্থ জীবন গঠনে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, ছাত্রজীবন ভবিষ্যৎ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে অর্জিত শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতাই আগামী দিনের পথচলা নির্ধারণ করে। শুধু ভালো ফলাফল বা চাকরি পাওয়ার জন্য নয়, প্রকৃত মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার বিকল্প নেই। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় ও মেধার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।