নানা আয়োজন, প্রশিক্ষণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান–২০২৬ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন-রোভারদের স্কাউটিংয়ের মূলনীতি, শৃঙ্খলা, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রশিক্ষণ, খেলাধুলা, হাইকিং ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম দিন সকালে উদ্বোধনী পর্বের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা দলগতভাবে তাঁবু স্থাপন ও প্রয়োজনীয় গ্যাজেট তৈরি করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ, বিভিন্ন আনন্দঘন খেলাধুলা এবং হাইকিংয়ে অংশ নেন তারা।
দিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল সন্ধ্যার ক্যাম্প ফায়ার। অগ্নিকুণ্ডকে ঘিরে রোভার ও গার্ল-ইন-রোভারদের অংশগ্রহণে গান, স্কাউট ইয়েল, নাটিকা, আবৃত্তি ও দলীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
দ্বিতীয় দিন ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে বিপি পিটি ও অ্যারোবিকসের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে শপথ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারী সহচরেরা আনুষ্ঠানিকভাবে ‘সদস্য’ স্তরে উন্নীত হন। এ সময় তারা স্কাউটিংয়ের আদর্শ ও নীতিমালা অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।
দুই দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ ও আত্মনির্ভরশীলতার চর্চার সুযোগ পান।
আয়োজকদের মতে, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁবুবাস ও দীক্ষার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি দেশসেবা ও মানবকল্যাণে কাজ করার মানসিকতা তৈরিতেও এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।