নতুন ধানের মৌ মৌ গন্ধ, পিঠা-পায়েসের আয়োজন আর উৎসবের আমেজে প্রাণবন্ত হয়ে উঠেছে নওগাঁর পত্নীতলা উপজেলা। নতুন আমন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রামে উদ্যাপিত হচ্ছে বাঙালির চিরায়ত লোকজ ঐতিহ্য নবান্ন উৎসব। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোতে ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে উৎসবটি পালনে দেখা যাচ্ছে বাড়তি আয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) নতুন ফসলের আনন্দে উপজেলার বিভিন্ন এলাকার ঘরে ঘরে তৈরি হচ্ছে নানা ধরনের মুখরোচক খাবার। নতুন চালের ভাত, পিঠা, পায়েসসহ গ্রামীণ ঐতিহ্যের নানা পদ দিয়ে সাজানো হচ্ছে খাবারের আয়োজন। কোথাও চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা, আবার কোথাও আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন পরিবারের সদস্যরা।
বাংলার কৃষিভিত্তিক সংস্কৃতিতে নবান্নের রয়েছে বিশেষ গুরুত্ব। কৃষকের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল যখন ঘরে ওঠে, তখন সেই নতুন ধানকে ঘিরেই তৈরি হয় আনন্দের উপলক্ষ। নতুন চালের খাবার দিয়ে নবান্ন উদ্যাপন মূলত প্রকৃতি, কৃষি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে নিবিড় সম্পর্কেরই বহিঃপ্রকাশ।
একসময় গ্রামবাংলার প্রায় প্রতিটি ঘরেই নবান্ন উপলক্ষে থাকত নানা ধরনের পিঠা-পুলির আয়োজন। সময়ের পরিবর্তনে উৎসবের ধরনে কিছুটা পরিবর্তন এলেও গ্রামীণ জনপদে এখনো এর ঐতিহ্য ও আবেদন অটুট রয়েছে। বিশেষ করে পরিবারের শিশু-কিশোরদের কাছে নতুন ধানের খাবার ও উৎসবের আয়োজন হয়ে ওঠে বাড়তি আনন্দের উপলক্ষ।
স্থানীয়দের মতে, নবান্ন কেবল নতুন ফসল ঘরে তোলার উৎসব নয়; এটি গ্রামীণ ঐতিহ্য, সামাজিক বন্ধন ও সম্প্রীতির প্রতীক। এ উৎসব নতুন প্রজন্মকে বাংলার লোকজ সংস্কৃতি ও কৃষির শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
নতুন ধানের আগমনে পত্নীতলার জনপদে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। কৃষকের ঘরে নতুন ফসলের প্রাচুর্য, মানুষের মুখে হাসি আর পারস্পরিক আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পেয়েছে বাংলার চিরায়ত নবান্ন উৎসব।