বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বরগুনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাজিদ আরমান সজীব।
বিএম কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর মো. সুলতান মাহমুদ রিয়াজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বরিশালের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইমুর রহমান নাইম।
আলোচনা সভায় নবীন শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের প্রতিনিধিরা তাঁদের শিক্ষাজীবনের অনুভূতি, অভিজ্ঞতা এবং প্রত্যাশার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি মো. মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে কলেজজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ২০০০ সালে এ কলেজ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্যাম্পাসে ফিরে তাঁর মনে হয়েছে, যেন সেই পুরোনো দিনগুলোতেই ফিরে গেছেন। বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাসের স্মৃতিও তাঁর মনে নতুন করে জেগে ওঠে।
এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সহযোগিতার লক্ষ্যে তিনি একটি বিশেষ সুবিধার ঘোষণা দেন। তিনি জানান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে বিএম কলেজের শিক্ষার্থী ও স্টাফদের পাশাপাশি বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য এবং তাঁদের বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সদস্যরাও বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
নতুন শিক্ষার্থীদের সঙ্গে প্রবীণদের সেতুবন্ধন তৈরি এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।