জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
বক্তারা বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও এর ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। অথচ ঐতিহাসিকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশ ও দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় তাদের দায় স্বীকার ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর তীরে বিশ্ব জলবায়ু সম্মেলনকে সামনে রেখে আয়োজিত বৈশ্বিক সংহতি কর্মসূচির অংশ হিসেবে সাইকেল র্যালি, মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব দাবি তুলে ধরেন।
‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক সংহতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধরার কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। বক্তব্য দেন ধরার নেত্রী কমলা সরকার, উদয়ন যুব সংঘের জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান, ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক অসীমা মন্ডল ও বৃষ্টি সরকারসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান দিতে হবে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা ও অভিযোজন কার্যক্রমে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে ন্যায্যভাবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ঘটাতে হবে।
কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ২০৫০ সালের মধ্যে প্রকৃত শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা জরুরি।
মেহেদী হাসান তাঁর বক্তব্যে পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর করপোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধের দাবি জানান। তিনি স্থানীয় বীজ, আদিবাসী ও ঐতিহ্যগত জ্ঞান এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থার প্রসারের পাশাপাশি জলবায়ু সহনশীল খাদ্য উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
জানে আলম বাবু বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। নদী, সমুদ্র, বন, ভূমি, মাটি, প্রাণী ও জীববৈচিত্র্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মোংলায় এ আয়োজন করা হয়। কর্মসূচিতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।