চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকানাবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।