চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি তাঁদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া সাত সদস্যবিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি।
আলোচনা সভায় বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ এবং নাচোল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেনসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও তাঁদের অবদানের স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে সাত সদস্যের নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।