বাগেরহাটের শরণখোলায় ছোট ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই মারা গেছেন বড় ভাই। দুই ভাইয়ের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলেন ওই গ্রামের বাসিন্দা আ. আজিজ তালুকদার (৮২) ও তাঁর ছোট ভাই আ. হাকিম তালুকদার (৮০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে ছোট ভাই আ. হাকিম তালুকদার মারা যান। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও ছোট ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেন বড় ভাই আ. আজিজ তালুকদার।
দাফন সম্পন্ন করে বাড়িতে ফেরার কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। এতে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়।
বড় ভাই আ. আজিজ তালুকদারের ছেলে মো. নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমার বাবা ও চাচার বয়সের ব্যবধান খুব বেশি ছিল না। তাঁদের বাড়িও ছিল পাশাপাশি। দুজনের মধ্যে গভীর ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। চাচার মৃত্যুর শোক হয়তো বাবা সহ্য করতে পারেননি।’
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজি জানান, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। ছোট ভাইয়ের জানাজা ও দাফন শেষে বাড়ি ফেরার পর বড় ভাইয়ের মৃত্যুর খবর সবাইকে মর্মাহত করেছে।
একই পরিবারের দুই ভাইয়ের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় গোলবুনিয়া গ্রামজুড়ে শোক ও বিষাদের পরিবেশ বিরাজ করছে।