সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলায় আদিবাসী যুবসমাজের উদ্যোগে ‘আদিবাসী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ক্ষিরতলার ঐতিহ্যবাহী বুরুজ মাঠে আদিবাসীদের ঐতিহ্যবাহী ঝুমুর নৃত্য ও তির নিক্ষেপের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে। এতে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েলের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কাজিমুদ্দিন কাজি।
খেলাধুলার পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির অনন্য প্রকাশ ঘটেছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুধুমাত্র আদিবাসী ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, আদিবাসী যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার ঘটানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।