সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরশিন দক্ষিণপাড়ায় অনুষ্ঠিত ২৩তম বার্ষিক শ্রীমন মহাপ্রভুর মহোৎসব পরিদর্শন করেছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ।
শ্রীমন মহাপ্রভুর ভোগ, শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলা কীর্তন ও ভক্তবৃন্দের মহামিলন উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় আয়োজক কমিটির সদস্যদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তিনি।
মহোৎসবে উপস্থিত হয়ে মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে এবং প্রত্যেকেই নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের অধিকার রাখেন। ধর্মীয় উৎসব এখন আর কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা সর্বজনীন আনন্দ ও মিলনমেলায় পরিণত হয়েছে।
তিনি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহোৎসব আয়োজন করায় সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানান এবং এ ধরনের ধর্মীয় আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ ১/১১-এর রাজনৈতিক প্রেক্ষাপটে কারাবরণকারী একজন ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। মহোৎসবে তাঁর উপস্থিতি ও সম্প্রীতির বার্তাকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেন।