সিরাজগঞ্জের রায়গঞ্জে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে ১৩ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক। এতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিসসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষক-কৃষাণীরা অংশ নেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
ইউনিয়নভিত্তিক প্রণোদনা পাওয়া কৃষকের সংখ্যা হলো—ধামাইনগর ইউনিয়নে ১ হাজার ৪০০ জন, সোনাখাড়া ইউনিয়নে ১ হাজার ৪০০ জন, ধুবিল ইউনিয়নে ১ হাজার ৪০০ জন, ঘুড়কা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, চান্দাইকোনা ইউনিয়নে ১ হাজার ৫৫০ জন, ধানগড়া ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, নলকা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, পাঙ্গাসী ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন, ব্রহ্মগাছা ইউনিয়নে ১ হাজার ৪৩০ জন এবং রায়গঞ্জ পৌরসভায় ৬০০ জন। সব মিলিয়ে মোট ১৩ হাজার ৫০০ কৃষক এ সহায়তা পেয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সরিষাসহ তেলজাতীয় ফসলের আবাদ বাড়াতে এ উদ্যোগ কৃষকদের উৎসাহিত করবে। এতে দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা উপস্থিত কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে সরিষার বীজ ও সার তুলে দেন।