চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের অবকাঠামোগত উন্নয়নে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ দ্রুত শেষ করতে দিন-রাত কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। একই সঙ্গে উন্নয়নকাজের অগ্রগতি ও নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শন করছে পৌর প্রশাসন।
মহানন্দা সেতুর সংযোগ সড়ক প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে সড়ক প্রশস্তকরণ, সংস্কার এবং আধুনিক ড্রেন নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কর্মঘণ্টার বাইরেও অতিরিক্ত সময় কাজ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা নিম্নমানের উপকরণ ব্যবহার হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে সরেজমিনে তদারকি করছেন পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পৌরবাসীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজটের দুর্ভোগ কমাতে এসব প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে। পাশাপাশি সড়ক প্রশস্তকরণের ফলে যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরবে এবং শহরের যানজট পরিস্থিতির উন্নতি ঘটবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ বলেন, পৌর এলাকার উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নির্দেশনা ও তাগিদ দেওয়া হচ্ছে। প্রয়োজনে তারা অতিরিক্ত সময় কাজ করছে। পাশাপাশি নির্মাণকাজের মান বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক প্রশস্তকরণ নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এসব কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি যান চলাচল সহজ হবে এবং পৌরবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে।
পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন বলেন, পরিকল্পিত নগরায়ণ, শহরের সার্বিক উন্নয়ন এবং নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করতেই এসব অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ চলমান রয়েছে। কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি সড়কে চলাচলের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। একই সঙ্গে জলাবদ্ধতা ও যানজটের দুর্ভোগ কমে শহরটি আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে উঠবে।