চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় প্রাণ হারিয়েছেন ৮ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৩ জন নারী। এ ছাড়া শিবগঞ্জে ৬ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ বছর এখন পর্যন্ত এ রোগে ৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২ জনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৯ জন নারী। এর মধ্যে জেলা সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৫৭ জন।
ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা এবং আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ারসহ পানি জমার সম্ভাবনা রয়েছে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও জানান, এডিস মশা জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই সপ্তাহে অন্তত এক দিন বাড়ি ও আশপাশের জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। দিনের বেলায় ঘুমানোর সময় মশারি ব্যবহার, মশা নিরোধক সামগ্রী প্রয়োগ এবং ঘরবাড়ি পরিষ্কার রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সিভিল সার্জন বলেন, জ্বর, মাথাব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তীব্র পেটব্যথা, বারবার বমি, রক্তক্ষরণ, অতিরিক্ত দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সম্মিলিত উদ্যোগ, জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।