সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নম্বর ধামাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক ও পল্লী চিকিৎসক মলিন চন্দ্র মাহাতো। দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মলিন চন্দ্র মাহাতো পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সদস্য, ধামাইনগর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এবং ক্ষিরতলা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছিলেন। পাশাপাশি ধামাইনগর ইউনিয়ন স্যাটেলাইট চিকিৎসাসেবা কেন্দ্র, ক্ষিরতলা মহাশ্মশান কমিটি ও বাংলাদেশ হেলথ অ্যান্ড এডুকেশনের সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
এলাকাবাসীর ভাষ্য, পেশাগত দায়িত্বের পাশাপাশি মলিন চন্দ্র মাহাতো দীর্ঘদিন ধরে ওয়ার্ডের সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। শিক্ষার প্রসারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে তাঁর অবস্থান ও প্রচেষ্টা রয়েছে।
ব্যক্তিগত জীবনে মিশুক, সৎ, শিক্ষানুরাগী ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত মলিন চন্দ্র মাহাতো। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।
তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে ৭ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকেরা।
মেম্বার পদে নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন মলিন চন্দ্র মাহাতো। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।