বাগেরহাটের মোংলায় শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘অগ্রযাত্রা প্রকল্পের’ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ERIKS ও Sweden Sverige-এর সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির আওতায় মোংলায় স্কুল ব্যবস্থাপনা কমিটি, শিশু সুরক্ষা কমিটি এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে ‘দ্বন্দ্ব সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণ ও সম্প্রীতি’ বিষয়ক এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কোডেকের অগ্রযাত্রা প্রকল্পের মোংলা কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. জাকির হোসেন, মনিটরিং অফিসার মো. শাহী আলম, শিশু সুরক্ষা সুপারভাইজার মো. মোতালেব শেখ এবং দুই কেন্দ্রের কেন্দ্র সহায়িকা (সিএফ) মিতালি মন্ডল ও জেসমিন আক্তার।
সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিশু সুরক্ষা কমিটিকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো শিশু যেন নির্যাতন, বাল্যবিবাহ কিংবা বিদ্যালয় থেকে ঝরে পড়ার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ে সামাজিক দ্বন্দ্ব ও বিরোধ সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা জরুরি। শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় অংশ নেওয়া স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কোডেক কর্তৃপক্ষ জানায়, অগ্রযাত্রা প্রকল্পের মূল লক্ষ্য উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা অর্জনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা। এ লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক ও অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সভা শেষে শিশুদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।