চট্টগ্রামের ফটিকছড়িতে মাঠজুড়ে এখন আমন ধানের সোনালি সমারোহ। পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা। ভালো ফলন হওয়ায় তাঁদের চোখেমুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের ছাপ। উপজেলার বিভিন্ন এলাকায় এখন চলছে ধান কাটার উৎসব।
সুন্দরপুর, পাইন্দং, কাঞ্চননগর, নানুপুর, বক্তপুরসহ বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার পাকা ধানক্ষেত ঘুরে দেখা যায়, কৃষক-কৃষাণীরা দলবেঁধে ধান কাটছেন। কোথাও চলছে ধান কাটা, কোথাও আঁটি বাঁধা, আবার কোথাও চলছে বাড়িতে ধান নিয়ে যাওয়ার প্রস্তুতি।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া ও পরিমিত বৃষ্টিপাতের কারণে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। তবে গত ৪ নভেম্বর আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পর কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তাঁরা। কয়েকটি স্থানে বাতাসে ধানগাছ হেলে পড়লেও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়নি কৃষকদের। সব মিলিয়ে ফলন নিয়ে সন্তুষ্ট তাঁরা।
ধান কাটতে আসা কৃষক শফিউল আলম বলেন, আমন ধান কাটার মৌসুম শুরু হয়েছে। আমরা চার থেকে ছয়জন মিলে একসঙ্গে ধান কাটছি। এ বছর আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। ধান কাটতে আমাদের বেশ আনন্দ লাগছে।
পাইন্দং ইউনিয়নের কৃষক মো. আবুল কালাম বলেন, এ বছর ধানের ফলন আশানুরূপ হয়েছে। তবে উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখতে হলে বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া জরুরি।
ফটিকছড়ি পৌরসভার মো. ছালাহ উদ্দিন চৌধুরী বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। রোসাংগিরী ইউনিয়নের আবদুল জব্বার জানান, সময়মতো বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে ভালো ফলন পেয়েছেন তাঁরা। নিজের উৎপাদিত ধান কাটতে পেরে বেশ আনন্দিত তিনি।
সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের কৃষক মো. এজাহার বলেন, গত বছর অস্বাভাবিক বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে ধানের ফলন ভালো হয়নি। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশ ভালো হয়েছে। অন্যদিকে নাজিরহাট পৌরসভার মো. ওসমান জানান, এবার ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটার সময় তাঁর কাছে সবসময়ই আনন্দের।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে দুলছে পাকা ধানের সোনালি শীষ। কৃষকদের কর্মব্যস্ততায় গ্রামীণ জনপদে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ধান কাটাকে কেন্দ্র করে কোথাও কোথাও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
তবে ভালো ফলনের পাশাপাশি কৃষকদের প্রত্যাশা, বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। এতে উৎপাদন খরচ মিটিয়ে তাঁরা ন্যায্য লাভের মুখ দেখতে পারবেন। মাঠের সোনালি ফসল ঘরে তোলার মধ্য দিয়ে কৃষকের পরিশ্রম সার্থক হবে—এমন প্রত্যাশাই এখন ফটিকছড়ির কৃষকদের।