বাল্যবিবাহ, শিশুশ্রম ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) কোডেকের ‘অগ্রযাত্রা প্রকল্প’-এর আওতায় কানাইনগর ঘাসফুল শিশু কেন্দ্রে কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কানাইনগর গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, কোডেকের অগ্রযাত্রা প্রকল্পের শিশু সুরক্ষা সুপারভাইজার মো. মোতালেব শেখ এবং প্রকল্পের দুটি কেন্দ্রের কেন্দ্র সহায়িকা (সিএফ) মিতালি বিশ্বাস ও জেসমিন আক্তার।
কোডেক এবং ERIKS Development Partner, Sweden-এর সহযোগিতায় আয়োজিত সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া এবং নারীর প্রতি সহিংসতা সমাজের জন্য উদ্বেগজনক সমস্যা। এসব প্রতিরোধে পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করা, শিশুশ্রমে নিয়োজিত শিশুদের বিদ্যালয়মুখী করা এবং নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে দ্রুত প্রতিবাদ জানানো ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ ও অধিকার নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।