চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল হোসেন ফটিকছড়ি উত্তর উপজেলার ৩ নম্বর নারায়ণহাট ইউনিয়নের জুজখোলা গ্রামের মোহাম্মদ ওবায়েদের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে আবুল হোসেনের বিরুদ্ধে। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি পলাতক ছাত্রলীগ নেতাদের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করার তৎপরতায় যুক্ত ছিলেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আবুল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।