কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
রোববার (৮ নভেম্বর) ভোরে নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এলাকায় তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।