চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পরিচালিত এসব অভিযানে ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ, ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সুবেদার তুষার কান্তিত বিশ্বাসের নেতৃত্বে টহলদলটি সীমান্তের মেইন পিলার ১৮৮ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে মনিরুল নামে এক ব্যক্তির বাড়ির পাশে অবস্থান নেয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
একই দিন রাত ৮টার দিকে চকপাড়া বিওপির আরেকটি বিশেষ টহলদল পৃথক অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।