বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ নিয়েছেন ড. এস.এম. মাহফুজুর রহমান। এ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি নবনির্বাচিত জেলা আমীর ড. মাহফুজুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা শাখার সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা ও অঞ্চল টিম সদস্য এ.কে.এম. ফখরুদ্দিন খাঁন রাযী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্বের প্রতি আস্থা, আনুগত্য ও সাংগঠনিক শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং গৃহীত সিদ্ধান্ত ও কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক হতে হবে।
তিনি আরও বলেন, নেতৃত্বের দায়িত্বের পাশাপাশি জবাবদিহিও রয়েছে। একইভাবে অধস্তন দায়িত্বশীলদের সাংগঠনিক নিয়মনীতি মেনে নেতৃত্বের প্রতি আনুগত্যশীল থাকতে হবে। নেতৃত্বের প্রতি আনুগত্য মানে ব্যক্তিপূজা নয়; বরং সংগঠনের আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন। দ্বীনি কাজের অগ্রগতিতে আমীরকে সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। আগামী দিনের ইসলামী সমাজ বিনির্মাণে নেতা-কর্মীদের যোগ্য, দক্ষ ও আদর্শিক কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে সদ্য বিদায়ী জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, ২০০০ সালে জেলা সেক্রেটারি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে দীর্ঘদিন জেলা আমীরের দায়িত্ব পালন করেছেন। এ দীর্ঘ সময়ে সহকর্মীদের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনের জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, সাংগঠনিক দায়িত্বের পরিবর্তন একটি স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। পদ-পদবির ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা এবং অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আমীরের দায়িত্ব কোনো পদমর্যাদা নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জবাবদিহির অনুভূতি নিয়ে এ দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রাখার চেষ্টা করবেন তিনি। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে বরিশাল জেলা জামায়াতের সর্বস্তরের নেতা-কর্মীদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও মো. সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চুসহ জেলা কর্মপরিষদ ও মজলিশে শূরার পুরুষ ও মহিলা সদস্য এবং জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এর আগে গত ৩ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে কেন্দ্রীয়ভাবে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে পুরুষ ও মহিলা সদস্যরা নতুন আমীর নির্বাচনে ভোট দেন।
এদিকে বরিশাল জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারকে কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে বরিশাল জেলা আমীর এবং ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বরিশাল পূর্ব জেলা আমীরের দায়িত্ব পালন করেন।