চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লামচরী উকিল বাড়িতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে শ্রী শ্রী মা লক্ষ্মীপূজা। এ উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আগামী ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার পবিত্র রাসপূর্ণিমা উপলক্ষে এ পূজার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ কামনায় এ ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজা উপলক্ষে সন্ধ্যায় ধর্মীয় রীতিনীতি মেনে পূজার্চনা ও অঞ্জলি প্রদান করা হবে। পরে আয়োজন করা হবে মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো এ পূজার আয়োজন হওয়ায় অনুষ্ঠানটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বী সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ পূজার আয়োজন স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে ভক্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।