চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজমতপুর হুদমাপাড়া গ্রামে একটি রাইস মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আসাদুল (৪০) এবং তৈয়ব আলী তেনুর ছেলে মো. রজিবুল হক (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁদের হেফাজত থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এলাকায় মাদক কারবারি বা মাদকসংক্রান্ত কোনো অপরাধের তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সচেতন নাগরিকের একটি তথ্যই পারে একটি প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে।