কুমিল্লার দাউদকান্দিতে দুই হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় দুই আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাদের।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ সাউদ হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চট্টগ্রামের ভুজপুর থানার মোহাম্মদপুর গ্রামের হারেজ মিয়ার ছেলে মো. সুমন এবং কক্সবাজারের টেকনাফ মডেল থানার ঝিমংখালী গুনাপাড়ার মৃত উলা মিয়ার ছেলে মো. শাহজাহান। রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে দুই হাজার পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার ওজন ছিল ২০০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও স্কচটেপ জব্দ করা হয়।
এ ঘটনায় সুমন ও শাহজাহানকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলায় অপর এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও তার পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা না পাওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
পরবর্তীতে ২০১৯ সালের ১৬ জানুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে তারা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী সাক্ষীদের জেরা করেননি। রাষ্ট্রপক্ষে মোট পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরে সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথি পর্যালোচনা করে আদালত এ রায় দেন।
রায়ে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে অভিযোগের ৩৩ ধারার অংশ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাদের খালাস দেওয়া হয়েছে।
আদালত নির্দেশ দিয়েছেন, পলাতক দুই আসামি গ্রেপ্তার হলে অথবা আদালতে আত্মসমর্পণ করলে তাদের সাজা কার্যকর হবে। এছাড়া বিচারাধীন সময়ে হাজতে থাকার কোনো সময় থাকলে তা ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারা অনুযায়ী সাজা থেকে বাদ যাবে।
মামলায় জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করেছেন আদালত। তবে জব্দ করা পিকআপ ভ্যানের বিষয়ে আগে দেওয়া জিম্মানামা জিম্মাগ্রহণকারীর অনুকূলে চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এম এ মতিন মোল্লা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন চৌধুরী।