সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় ‘বেস্ট এডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ পেয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।
অক্টোবর ২০২৬ মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) তাঁর পক্ষে পুরস্কার তুলে দেন।
তবে সিআইডির একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
জানা যায়, রায়গঞ্জ ও সলঙ্গা থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধে আগাম উদ্যোগ গ্রহণ এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। বিশেষ করে দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদঘাটনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান জেলা পুলিশের মূল্যায়নে বিশেষ গুরুত্ব পেয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে পেশাদারত্ব, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে অক্টোবর মাসের সেরা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।
এ সম্মাননা রায়গঞ্জ ও সলঙ্গা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কাজের প্রতি আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।