চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমতি ছাড়া টিলা কেটে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া মাটি না কাটার শর্তে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১টা থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ এবং সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ের কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে টিলা কেটে মাটি দিয়ে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মো. জানে আলম (পিতা: হাজি জেবল হোসাইন) ও মো. সায়েদুল হকের (পিতা: মো. আমির হোসেন) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।
ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।