চাঁপাইনবাবগঞ্জে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জেলার সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পর্যায়ে আলোচনা ও অন্যান্য আয়োজন, শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান পরিবেশন, সিনেমা হলসহ গুরুত্বপূর্ণ স্থানে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন এবং জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল খেলার আয়োজন করা হবে।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোঃ গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।