মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

শাকিল হত্যা মামলা: দ্বিতীয় দফায় এমপিপুত্র মিন্টুর দুই দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি: / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এ মামলার অন্যতম আসামি সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়।

 

সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

 

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মিন্টুর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন।

 

এর আগে গত ২৭ অক্টোবর মিন্টুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ অক্টোবর সন্ধ্যায় তাকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

ডিবি ওসি আরও জানান, প্রথম দফার রিমান্ডে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার সন্দেহে গত শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৩টার দিকে আলামিন হোসেন (২৬) ও আনিসুর রহমান (২৫) নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি শাকিল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ অক্টোবর নিহতের বাবা রবিউল ইসলাম গুরুদাসপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

শাকিলের মৃত্যুর দিন রাত ১০টার দিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে প্রথম দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে মিন্টুকে যুবদলের যুগ্ম সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

 

এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আরও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শাকিলের জানাজার পর হত্যায় জড়িত থাকার সন্দেহে আমেরিকাপ্রবাসী রাসেলের একটি শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংসদ সদস্য আবদুল আজিজের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে নাটোর জেলা বিএনপির নেতাদের মধ্যেও মতবিরোধ দেখা দেয়। সংসদ সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে জেলা বিএনপিতে দীর্ঘ আট ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শাকিল হত্যা মামলায় তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সংসদ সদস্যের ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা হয়।

 

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী আবদুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা কমিটির নেই। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব কেন্দ্রীয় পর্যায়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

 

এর আগে গত ২৯ অক্টোবর বিকেলে নিহত শাকিলের বাড়িতে যান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং অপরাধী যে-ই হোক, সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর