কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সেবার মানোন্নয়ন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম অনিক চৌধুরীসহ তিন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতারা।
রোববার (১ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন তাঁরা।
ইউএনও এম অনিক চৌধুরীর সঙ্গে আলোচনায় টেকনাফের চলমান সমস্যা, জনসাধারণের দুর্ভোগ, এলাকার উন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সমন্বয় বৃদ্ধির বিষয় উঠে আসে।
এ সময় ইউএনও বলেন, গণমাধ্যম সমাজের নানা সমস্যা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। টেকনাফের জনদুর্ভোগ ও বিভিন্ন সমস্যা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে প্রকাশের মাধ্যমে সমাধানের পথ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।
উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে নজরদারির আহ্বান
উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলা উদ্দিনের সঙ্গে আলোচনায় উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারি প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কথা বলেন প্রেসক্লাব নেতারা।
এ সময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি বরাদ্দের অর্থ যেন যথাযথভাবে কাজে লাগে এবং নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত তদারকি প্রয়োজন।
ভোটার হতে গিয়ে ভোগান্তি বন্ধের দাবি
পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন আহমদের সঙ্গে মতবিনিময়ে ভোটার নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নতুন ভোটার হতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি, নির্বাচন অফিসে দালালদের তৎপরতা, অনৈতিক তদবির এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আশঙ্কার বিষয়টি গুরুত্ব পায়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ বলেন, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার হওয়ার প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে হবে। একই সঙ্গে যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো রোহিঙ্গা নাগরিক যাতে ভোটার তালিকায় স্থান না পান, সে বিষয়ে নির্বাচন কার্যালয়কে সতর্ক থাকতে হবে। দালালচক্র ও তদবির বাণিজ্য বন্ধেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন, যোগাযোগবিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন এবং সদস্য আবু মুসা, জসিম উদ্দিন ও মাজিবুল হক।
সাক্ষাৎ শেষে প্রেসক্লাব নেতারা জানান, টেকনাফের মানুষের অধিকার, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে। পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে তাঁরা কাজ করবেন।