চট্টগ্রামের ফটিকছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় পলাতক দুই আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে র্যাবের একটি বিশেষ অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার আবদুর রহিমের ছেলে মোহাম্মদ রুবেল হোসেন শাহেদ (৩৪) এবং নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনোহর গোমস্তার বাড়ির মোহাম্মদ ইউনুসের ছেলে মো. নুর উদ্দিন সামি।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে সংঘটিত ঘটনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার পর দুই আসামি চট্টগ্রামে তাদের কর্মস্থল ছেড়ে ঢাকায় অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে র্যাব-৭-এর একটি দল ঢাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।