চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর তাতুয়া গ্রামে বিশ্বজগতের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজন করা হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞানুষ্ঠান।
আগামী ১৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শনিবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হবে। উত্তর তাতুয়া গ্রামের স্বর্গীয় রাই মোহন বিশ্বাস (প্রকাশ রাই মোহন মেম্বার)-এর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর মঙ্গলবার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের পর শুভ অধিবাস ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ ডিসেম্বর বুধবার অরুণোদয় থেকে ১৮ ডিসেম্বর শুক্রবার অরুণোদয় পর্যন্ত একটানা ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন পরিবেশিত হবে।
অনুষ্ঠানের শেষ দিন ১৯ ডিসেম্বর শনিবার নামকীর্তন বিশ্রামান্তে কুঞ্জভঙ্গ, দধিমঙ্গল, নগরকীর্তন ও মহন্ত বিদায়ের আয়োজন থাকবে। পরে দ্বিপ্রহরে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ শেষে উপস্থিত ভক্তবৃন্দ ও শ্রোতাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে নামসুধা পরিবেশন করবেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ছয়টি কীর্তনীয়া সম্প্রদায়। এর মধ্যে রয়েছে বরিশালের শ্রীশ্রী দাড়িয়াল সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীশ্রী অনুরাধা সম্প্রদায়, সাতক্ষীরার শ্রীশ্রী কৃষ্ণ বাসুদেব সম্প্রদায়, চট্টগ্রামের শ্রীশ্রী ভবতারিণী অষ্টসখী সম্প্রদায়, পটুয়াখালীর শ্রীশ্রী গুরু সম্প্রদায় এবং গোপালগঞ্জের শ্রীশ্রী সবিতা সম্প্রদায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এ মহোৎসবে সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার পাশাপাশি সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
প্রয়োজনে যোগাযোগ: সুখরঞ্জন বিশ্বাস, ০১৭২৬-২৪৫৪৩৮।